আমি নিকৃষ্ট
- ফারহান নূর শান্ত

ভাত খেতে বসেছিলাম,
তাকিয়ে দেখি,ভাতের ওপর উড়ে এসেছে
শিশুর কোমল হাতের বিচ্ছিন্ন আঙুল।

গ্রেনেডের বিস্ফোরণে,
সাদা ভাত হয়ে গেছে ধূসর।

কোনোরকমে সে আঙুল সরিয়ে,
মুখে নিয়েছি ভাত।

হঠাৎ গলায় আটকে গেল,
পানি খেতে গিয়ে দেখি- গ্লাস ভর্তি রক্ত।

টগবগে সতেজ রক্ত।

এই মুহূর্তে কলিজা ছিড়ে বেরিয়ে আসা রক্ত,
ফুসফুস থেকে ছিটকে আসা রক্ত।

পানি আর খাওয়া হলো না,
তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে,
গলায় আটকে আছে ভাত।

তরকারির ঝোলে ডুবে আছে,
বুলেট।

আমি বোবা,আমি নির্বাক
হাত পা থাকতেও আমি পঙ্গু,
অন্ধ।

আমি প্রতিবাদ করতে চাইনা,
নিজের পেট ভরিয়ে বেঁচে আছি।
কম কিসে!

আমি নিকৃষ্ট ,
আমি পঁচে যাওয়া বিবেক,
মানবতার ভাষণ দেয়া সংগঠন আমি।

আমি মুসলিম রাষ্ট্র,
আমি ইসলামি নানাবিধ দল।

আমি ফতোয়া দানকারী,
হালাল হারাম,নারীর পর্দা করা বাঞ্ছনীয় বলা মুখ।

আমি পুরুষের চার বিয়ে করার বৈধতার
স্লোগান।

আমি নামধারী মুসলিম,
আমি নির্লজ্জ ,আমি ঘুমন্ত।

আমি কানে তুলো দিয়েছি,
কান্নার শব্দ ভেদ করতে পারেনা।
চিৎকার হারিয়ে যায় বোমার বিস্ফোরণে।

আমি ভাবি,আমার মৃত্যু নেই
আমি বিচারের আওতায় যাব না।

আমি ভাবি,আমি সাড়ে তিন হাতে মিশবো না।
আমাকে সুধাবে না কবরের ফেরেশতা।

আমাকে দাঁড়াতে হবেনা হাশরের মাঠে।

আমি খাচ্ছি,খেয়ে নিয়েছি সব- মুসলিম কাঁদে ঐ
কাঁদে শিশু নারী।
আমি ভালো আছি,
আমার ধন,বিত্ত,ক্ষমতায়
কতশত বাহাদুরি।


০৮-০৪-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।